শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু : তদন্ত কমিটি গঠন

ব্যুরো চিফ, বরিশাল

ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের সিভিল সার্জন জানিয়েছেন—কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বরিশাল নগরীর বেসরকারি আরিফ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসা অবহেলা ও ভুল চিকিৎসায় তানজিল তাসনিন (৩০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে মৃতের স্বামী আমিরুল ইসলাম ফারুক সিভিল সার্জন ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বরিশাল নগরীর কাউনিয়া থানার ৩ নম্বর ওয়ার্ডের ছোট বটতলা এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম ফারুকের দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে—তার স্ত্রী তানজিল তাসনিনকে গত ২৬ অক্টোবর বিকেলে প্রসব বেদনা নিয়ে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নজরুল ইসলাম সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অপারেশনের সময় চিকিৎসকের অবহেলায় রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে জানা যায়, অপারেশনের সময় রক্তনালী কেটে যাওয়ায় মারাত্মক রক্তক্ষরণ হয়েছে। পরিস্থিতি গুরুতর হলে হাসপাতাল কর্তৃপক্ষ টানা ১৬ ব্যাগ রক্ত সঞ্চালন করে। তবুও অবস্থার উন্নতি না হওয়ায় তানজিল তাসনিনকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, মৃত্যুর ছয় দিন পর গত ১ নভেম্বর মৃতের পরিবার মৃত্যুর সঠিক কারণ জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে চিকিৎসক নজরুল ইসলামের নির্দেশে হাসপাতালের কয়েকজন কর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পরিবারের কয়েকজন সদস্য আহত হন।

মৃতের স্বামী আমিরুল ইসলাম ফারুক বলেন, “আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ ছিল। চিকিৎসকের ভুল সিদ্ধান্ত ও অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবি করছি।”

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সিভিল সার্জন ডা. মো. মনজুর-ই এলাহীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার কাছে মৃতের পরিবার অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বেসরকারি আরিফ মেমোরিয়াল হাসপাতালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “সিভিল সার্জন বিষয়টি আমাকে জানিয়েছেন। আমরা তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

এ ব্যাপারে বেসরকারি আরিফ মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের কেউ গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্ত ডা. নজরুল ইসলাম ভুল চিকিৎসা কিংবা অবহেলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেন, “রোগীকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তারপরও তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু হলেও বিষয়টি এখন আমার ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ