ব্যুরো চীফ, বরিশাল
মাদরাসার সাততলা ভবনের ছাদ থেকে দ্বিতীয় তলার ছাদের ওপর পড়ে নুসরাত জাহান মিলি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নুসরাত বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের মৃত দুলাল সরদারের মেয়ে এবং উজিরপুরের শিকারপুর মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদরাসার নাজেরা শাখার ছাত্রী ছিলেন।
শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে মৃত শিশুর ভাই হাসান ইসলাম জানান, গত ২৮ সেপ্টেম্বর তার বোন নুসরাত জাহানকে শিকারপুর মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদরাসার নাজেরা শাখায় ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর একটার দিকে মাদরাসা থেকে ফোন করে জানানো হয়, নুসরাত মাদরাসার সাততলার ছাদ থেকে দ্বিতীয় তলার টয়লেটের ছাদের ওপর পড়ে গুরুতর আহত হয়েছে।
প্রথমে তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত পৌনে নয়টার দিকে নুসরাত মৃত্যুবরণ করে।
শনিবার বিকেলে ময়নাতদন্তের পর নুসরাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনাটি রহস্যজনক দাবি করে হাসান ইসলাম পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মাদরাসার শিক্ষক মুফতি মো. সানাউল্লাহ বলেন, “পুরো মাদরাসা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ফুটেজে দেখা গেছে শিশুটি ছাদে উঠেছিল। ছাদে ছাত্রীরা কাপড় শুকাতে যায়, ছাদটি সুরক্ষিত। ছাত্রীদের ভবনে নারী শিক্ষিকারা থাকেন। তবে ছাদে সিসিটিভি না থাকায় কিভাবে সে পড়ে গেছে তা জানা যায়নি।”
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। এবিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”








