ব্যুরো চীফ, বরিশাল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, বর্তমান সময়ে নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে শিক্ষাকে যুগোপযোগী করার কথা উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে শিক্ষকদের নিয়েও মহাপরিকল্পনা রয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে স্কুলের হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আকবর মোল্লা।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও সমাজসেবক গাজী রফিকুল ইসলাম জুয়েল, সহকারী শিক্ষক শামীম সরদার, শরিফুল ইসলাম শরীফ, হানিফ সরদার, অভিভাবক মো. রুহুল আমিন খান, মো. রিয়াজ, পান্না সরদার, মামুন গাজী, আনোয়ার খলিফা প্রমুখ।
সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








