ব্যুরো চীফ, বরিশাল:
বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাটের মেঘনা শাখা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বের জাল ও চরঘেরা জালের খুঁটি জব্দসহ তিন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ২১ বান্ডেল অবৈধ নতুন বের জাল (নেট জাল) এবং ৬৫০টি চরঘেরা জালের খুঁটি জব্দ করা হয়। এ সময় তিনজন জেলেকে আটক করা হয়।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত জাল ও খুঁটির আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। পরবর্তীতে জাল ও খুঁটি পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটক তিন জেলের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলসহ প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।








