সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মেঘনা নদীর খৈলার চর খাল বন্ধ করেছে প্রশাসন

ব্যুরো চীফ, বরিশাল

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত চলমান নিষেধাজ্ঞাকে শতভাগ সফল করতে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত অন্তরবাম মাছ ঘাট এলাকার খৈলার চর খাল দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এই খাল দিয়ে সংঘবদ্ধ একটি চক্র গভীর রাতে অবৈধভাবে ইলিশ শিকার করতে যায়। ফলে প্রশাসনের কর্মকর্তারা হিজলা উপজেলার গৌরাব্দী ইউনিয়নের অন্তরবাম মাছ ঘাট এলাকার খৈলার চর খাল দিয়ে নৌযান চলাচল ২২ দিনের জন্য বন্ধ করে দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীর হিজলা উপজেলা অংশে টানা তিন দিন ধরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বাহিনীর যৌথ অভিযান চলছে। দিন-রাত উপজেলার মেঘনা নদীর মূল পয়েন্টগুলোতে নিয়মিত টহল ও ড্রোনের মাধ্যমে পুরো মেঘনা নদী নজরদারিতে রেখেছে টাস্কফোর্সের সদস্যরা।

সূত্রমতে, অভিযানে হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াস সিকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নৌ) ইমরান হোসেন মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, হিজলা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডলসহ অন্যান্যরা অংশগ্রহণ করেছেন।

সোমবার দিনভর অভিযানে ১৯ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও প্রায় ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলিয়াস সিকদার জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ শিকার বা পরিবহনের সঙ্গে কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ