,

মোবাইল ফোনে কথা বলছিলেন চালক, বাসচাপায় পথচারীর মৃত্যু

ব্যুরো চীফ, বরিশাল:

ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি বালুরমাঠ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন যাত্রীবাহী বাসের অন্তত ছয়জন।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার সময় বাসচালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দিয়ে বাসটি রাস্তার পাশে একটি গাছে সজোরে আঘাত করে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে বরিশাল থেকে ধামুরাগামী ‘ঝিনুক পরিবহন’-এর একটি বাস দুর্ঘটনাস্থল অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হন ৪০ বছর বয়সী পথচারী আব্দুল বাহিড়। তিনি রামপট্টি এলাকায় অস্থায়ীভাবে বসবাসরত বেদে সম্প্রদায়ের একজন সদস্য এবং বাজারমুখী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান আব্দুল বাহিড়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার জানান, ঘটনার পরপরই বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সড়ক দুর্ঘটনার এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার জন্য চালকের অসাবধানতাকেই দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ