শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুবককে দুবাই নিয়ে বিক্রি : দুই জনের যাবজ্জীবন

ব্যুরো চীফ, বরিশাল

ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভনে বরিশালের এক যুবককে দুবাই নিয়ে মানবপাচারকারী চক্রের কাছে বিক্রি, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বরিশালের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ বুধবার শেষ কার্যদিবসে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, যাবজ্জীবনের পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

অনাদায়ে তাঁদের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

জরিমানার টাকা আদায় করে বাদীকে প্রদানের জন্য আদালত নির্দেশ দিয়েছেন বলেও তিনি (বেঞ্চ সহকারী) উল্লেখ করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার উত্তর কেরুয়া এলাকার মোশারেফ হোসেনের ছেলে শাহ ইমরান সাগর (৪৫) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার দত্তপাড়া এলাকার আনসার আলীর ছেলে বাচ্চু মিয়া (৩৭)।

আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া নতুনহাট এলাকার বাসিন্দা নবীন ফরাজীকে (২৮) দুবাই নিয়ে ভালো চাকরির প্রলোভন দেখান শাহ ইমরান সাগর।

এরপর সেই শর্তে ২০২৩ সালের ২৭ মার্চ নবীনকে দুবাই পাঠান শাহ ইমরান সাগর। দুবাই পৌঁছানোর পর নবীনকে মানবপাচার চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দেন বাচ্চু মিয়া।

এরপর তাকে আটকে রেখে নির্যাতন চালায় চক্রের সদস্যরা। পরে নবীন তার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে পাচারচক্রের সদস্যদের কাছে দেন।

এরপর নবীনকে ছেড়ে দেওয়া হয়। মুক্তির পর দুবাইয়ে থাকা এক প্রবাসীর মাধ্যমে দেশে ফিরে আসেন নবীন।

তারপর ২০২৩ সালের ৩০ আগস্ট দুইজনকে আসামি করে বরিশাল মানবপাচার অপরাধ দমন আদালতে মামলা করেন তিনি।

মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই শিহাবউদ্দিন ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

বিচারক সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে উল্লেখিত রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ