ব্যুরো চীফ, বরিশাল
যৌতুকের দাবিতে অমানবিক নির্যাতন চালিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত তানহা তাবাচ্চুম তিনথী (২৪) বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডের ভাটিখানা গাউয়াসার জোড় মসজিদ এলাকার বাসিন্দা এবং সোয়েব মাহমুদের স্ত্রী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগরীর কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেছেন, “নিহতের বাবা জাফর ইকবাল বাদী হয়ে নিহতের স্বামী সোয়েব মাহমুদ, তার মা সেলিনা পারভীন, বোন রেনু বেগমসহ মোট পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।”
ওই মামলার প্রধান আসামি নিহতের স্বামী সোয়েব মাহমুদকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালে সামাজিকভাবে তানহার বিয়ে হয় সোয়েব মাহমুদের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী, শাশুড়ি ও ননদ মিলে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। তাদের দাবিকৃত যৌতুকের টাকা না দেওয়ায় প্রায়ই তানহাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
এর জের ধরে গত ৯ সেপ্টেম্বর বিকেলে আসামিরা তানহাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি জ্ঞান হারান। মুমূর্ষ অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও এজাহারে উল্লেখ রয়েছে।








