শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন মহিউদ্দীন রনি

ব্যুরো চীফ, বরিশাল:

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দীন রনি বলেছেন, সবাইকে স্পষ্ট বার্তা দিতে চাই, তরুণদের অবজ্ঞা করা ঠিক নয়। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশী, যাতে টেকসই সমাধান এবং রূপরেখা গড়ে ওঠে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশের সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, হয়রানি ও ভোগান্তির বিরুদ্ধে চলমান আন্দোলনের চার দফা দাবি ও করণীয় বিষয় আলোচনা করা হয়।

মহিউদ্দীন রনি বলেন, “অনেকে দাবি করেছেন, আমরা রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য বা টাকা খাওয়ার জন্য এখানে এসেছি। কেউ বলেছেন টেন্ডার বাণিজ্য করতে এসেছি। তবে এর কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। বরং বিভিন্ন রাজনৈতিক মহল থেকে গুজব ছড়ানো হচ্ছে, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে। বিশেষ করে কমিউনিটি ক্লিনিকের দুইশত কোটি টাকা খাওয়ার মতো অভিযোগ আওয়ামী লীগের একটি গুজব সেল থেকে প্রচার করা হচ্ছে।”

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থী, আমাদের পড়াশুনায় ফিরে যেতে হবে। তবে স্বাস্থ্যখাত সংস্কারের ক্ষেত্রে টেকসই সমাধান চাই। এজন্য বরিশালের সকল সন্তানকে এই মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

রনি বলেন, “ডান, বাম, মধ্যপন্থা নয়; জামায়াত হোক, বিএনপি হোক, চরমোনাই হোক, এনসিপি হোক—যারা স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের দাবিতে সহযোগিতা করবেন, নেক্সট নির্বাচনে তাদেরই আমাদের ভোট যাবে। যারা সহযোগিতা করবে না, আমরা বিকল্প চিন্তা করব।”

তিনি উল্লেখ করেন, চলমান আন্দোলনের কারণে কিছু সিন্ডিকেট ভাঙা হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য এখনও অর্জিত হয়নি। তাই আমরা চাই আন্দোলনের দাবিগুলোর টেকসই সমাধান এবং এর জন্য কর্তৃপক্ষ লিখিত আশ্বাস ও রোডম্যাপ প্রদান করুক।

সভায় স্বাস্থ্যখাত সংস্কারকারী বরিশালবাসীর ব্যানারে সুশীল সমাজ ও রাজনৈতিক বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ