ব্যুরো চীফ, বরিশাল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর ঢাকা বিভাগের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান রাষ্ট্রীয়ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি প্রদানের জোর দাবি জানিয়েছেন।
শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্র আয়োজিত “ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও জুলাই শহীদ পরিবারবর্গকে সম্মাননা প্রদান অনুষ্ঠান”-এ বিশেষ অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, “গত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে আমি বহুবার হামলার শিকার হয়েছি, আটটি মামলায় কারাবরণ করেছি। এই দীর্ঘ লড়াইয়ের প্রেরণা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ছিলেন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ঘোষক। তার নেতৃত্ব ও অবদান ঐতিহাসিকভাবে প্রমাণিত। তাই রাষ্ট্রীয়ভাবে তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জুলাই-আগস্টের আন্দোলনের সকল শহীদ ও যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও মূল্যায়ন করা হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সভায় সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।








