ব্যুরো চীফ, বরিশাল:
বরিশাল মহানগরীর কাশিপুর এলাকার আলোচিত লিটন সিকদার লিটুকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী মহানগর স্বেচ্ছাসেবক দলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক রিয়াজ খান মিল্টনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির সিকদার জানান, লিটু হত্যার ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন মিল্টন। গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকায় তার এক প্রতিবেশীর বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মিল্টন পশ্চিম কাউনিয়া এলাকার মৃত শাহজাহান খানের ছেলে।
নিহত লিটন সিকদার লিটু (৩২) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকার মো. নজির সিকদারের ছেলে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক (বহিষ্কৃত) সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
লিটু হত্যার ঘটনায় তার বোন মোসাম্মদ মুন্নি বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ৫ নম্বর আসামি রিয়াজ খান মিল্টন।
গত ৩১ জুলাই সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের পর রাতেই গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত লিটুর বোন ও মামলার বাদী মোসাম্মদ মুন্নি অভিযোগ করেন, রিয়াজ খান মিল্টন তার ভাইকে কুপিয়ে ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করেন।
মুন্নি আরও অভিযোগ করেন, মিল্টনের মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি সহযোগীদের নিয়ে হামলা চালান। এ সময় লিটুকে হত্যাসহ তাদের তিনজনকে কুপিয়ে জখম করা হয়। একই সঙ্গে তাদের বসতঘর ভাঙচুর, লুটপাট ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ওই মামলায় এর আগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি নিহত লিটুর বোন মুন্নি ও তার স্বামী একই এলাকার জাকির গাজীর মধ্যে পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে বিল্ববাড়ি এলাকার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। পরবর্তীতে মিল্টনের পরিকল্পনায় গত ৩১ জুলাইয়ের ঘটনায় তা হত্যায় রূপ নেয়।








