ব্যুরো চিফ, বরিশাল:
বরিশালের গৌরনদীতে ‘জুলাই বিপ্লব’ ও শহীদ আবু সাঈদের স্মরণে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা খানম।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলাল, শিক্ষক মো. মিজানুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুর রহমান, ঝুমুর আক্তার ও পারভীন বেগম।
আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও ‘জুলাই বিপ্লব’-এর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।








