ব্যুরো চিফ, বরিশাল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৫ (সদর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রহমাতুল্লাহ আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা হরণ করেছিলেন। পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় এসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতাসহ দেশের গণতন্ত্র নিশ্চিত করেন।
তিনি বলেন, যে সমাজে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না, সে সমাজকে গণতান্ত্রিক বলা যায় না। গণমাধ্যমের কারণেই মানুষ সমাজের প্রকৃত চিত্র জানতে পারে। যে রাষ্ট্রে গণমাধ্যম স্বাধীন নয়, সেই রাষ্ট্রও গণতান্ত্রিক নয়।
ডাকসু ও জাকসু নির্বাচন প্রসঙ্গে রহমাতুল্লাহ বলেন, “এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথম নির্বাচন হওয়া সত্ত্বেও তা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। এতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কি না—তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে এখন থেকেই সব রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। তা না হলে গণতন্ত্র, রাষ্ট্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়বে।”
দলের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের সময় হলে দল যাকে মনোনয়ন দেবে, বিএনপি ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, কমল সেন গুপ্ত, সাইফুর রহমান মিরন প্রমুখ।








