ব্যুরো চীফ, বরিশাল:
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে গত ২১ দিনের মতো চলমান আন্দোলনকে ঘিরে রোববার (১৭ আগস্ট) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালের সামনে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিকেল তিনটার দিকে আন্দোলনকারীদের ওপর হাসপাতালের কর্মচারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তবে আগেই হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়। পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে বিক্ষোভ মিছিল নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালে প্রবেশ করতে চাইলে পুলিশ প্রধান ফটক আটকে দেয়। এরপর আন্দোলনকারীরা হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
এ সময় হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা ভেতরে অবস্থান নেন। পরে ভেতর থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর আগে শনিবার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দীন রনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি আন্দোলনের ১৮তম দিনে ছাত্র-জনতার ওপর শেবামেক কর্মচারীদের হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ২১তম দিনের (১৭ আগস্ট) কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আন্দোলনরত ছাত্র-জনতা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শেবামেকের উদ্দেশে রওনা হন।
সূত্র জানায়, বিক্ষোভ মিছিলের খবর পেয়ে শেবামেকের কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতালের ভেতরে অবস্থান নেন। সংঘাতের আশঙ্কায় আগেভাগেই হাসপাতালের প্রধান গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তারা সংঘাত এড়াতে গেট বন্ধ করে দিলে আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করতে পারেননি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে যান। তারা দালাল ও সিন্ডিকেটবিরোধী নানা স্লোগানে মুখর হয়ে ওঠেন। একই সঙ্গে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ওপর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও দালাল সিন্ডিকেটের হামলার পর উল্টো মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি করেন।








