,

শেবামেকে চালু হলো হেমাটোলজি বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম

ব্যুরো চীফ, বরিশাল:

পদ সৃষ্টির ১৫ বছর পর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালে চালু হলো হেমাটোলজি (রক্তরোগ) বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের সহযোগিতায় এবং হেমাটোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলীর উদ্যোগে এই চিকিৎসা সেবা চালু করা হয়েছে।

এখন থেকে সপ্তাহের প্রতি রবি থেকে বুধবার হাসপাতালের বহির্বিভাগের ১৬২ নম্বর কক্ষে রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করবেন।

এ উপলক্ষে আজ রবিবার (৩ আগস্ট) হেমাটোলজি বহির্বিভাগ ও স্পেশালিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের চিকিৎসকদের পদ সৃষ্টি হয়। বিভাগটি সৃষ্টি হলেও বিগত ১৫ বছরে কোনো চিকিৎসক পদায়ন করা হয়নি। অতঃপর গত বছরের আগস্ট মাসে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ আলীকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়। এরপর তিনি এখানে হেমাটোলজি বিভাগ চালুর উদ্যোগ গ্রহণ করেন।

তারই প্রেক্ষিতে হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ডা. মোহাম্মদ আলীর চাহিদার প্রেক্ষিতে রক্তরোগ পরীক্ষা-নিরীক্ষার জন্য একাধিক যন্ত্রপাতি এবং আন্তঃ ও বহির্বিভাগের জন্য প্রয়োজনীয় স্থানের ব্যবস্থা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ রবিবার হেমাটোলজি বহির্বিভাগ ও স্পেশালিটি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন সেমিনার হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, শেবামেক শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মাদ মাহামুদ হাসান এবং সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. এ কে এম নজমুল আহসান।

হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সিনিয়র মেডিক্যাল স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েম সাদের উপস্থাপনায় বক্তব্য রাখেন হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী সদস্য মো. নাজিম উদ্দিন, বরিশাল শাখার যুগ্ম আহ্বায়ক মহাসিন চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে রোগীদের উদ্দেশে চিকিৎসকরা বলেন, এতদিন রক্তরোগে আক্রান্ত এই অঞ্চলের রোগীদের রাজধানীতে যেতে হতো। এখন থেকে তারা এখান থেকেই চিকিৎসা সেবা পাবেন। হেমাটোলজি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, যা রক্ত এবং রক্ত গঠনকারী টিস্যুগুলোর অধ্যয়ন নিয়ে কাজ করে। এটি রক্ত এবং এর উপাদানগুলোর রোগ—যেমন রক্তকোষ, হিমোগ্লোবিন, রক্তের প্রোটিন, অস্থিমজ্জা, প্লেটলেট, রক্তনালী, প্লীহা এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া সম্পর্কিত রোগ—এর কারণ, রোগ নির্ণয়, চিকিৎসা এবং প্রতিরোধের ব্যবস্থা নিয়ে কাজ করে।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হওয়া হেমাটোলজি বহির্বিভাগ ও স্পেশালিটি ক্লিনিকে রক্ত এবং অস্থিমজ্জার রোগ নির্ণয়, চিকিৎসা, রোগ প্রতিরোধে কাজ করা, নতুন চিকিৎসা পদ্ধতি ও কৌশল উদ্ভাবন এবং রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কাজ করা হবে। পাশাপাশি রক্তস্বল্পতা, রক্ত জমাট বাঁধার সমস্যা, হিমোফিলিয়া, রক্ত ক্যান্সার, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়ার চিকিৎসা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ