ব্যুরো চীফ, বরিশাল
সরকারি সম্পত্তির গাছ কাটার সংবাদ প্রকাশের পর দলীয় পদ থেকে বহিষ্কার হওয়ায় ক্ষিপ্ত হয়ে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের ওপর হামলা চালিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকালে ঘটনার সঙ্গে জড়িত বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক বাংলাদেশের খবর পত্রিকার স্থানীয় প্রতিনিধি এসএম মিজান অভিযোগ করে বলেন, সরকারি সম্পত্তির গাছ কেটে সমালোচনার মুখে স্বেচ্ছাসেবক দলের গৌরনদী শাখার যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম রোকনকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা স্বেচ্ছাসেবক দল।
এ নিয়ে “সরকারি গাছ কেটে তদন্তের মুখে স্বেচ্ছাসেবক দল নেতা” শিরোনামে বাংলাদেশের খবর পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা প্রমাণিত হলে রোকনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই রোকন ও তার সহযোগীরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
তিনি আরও বলেন, “গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত দশটার দিকে টরকী চৌরাস্তায় বসে থাকা অবস্থায় বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা রোকন ও তার সহযোগীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হামলা চালায়। পরবর্তীতে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ সময় হামলাকারীরা আমার মানিব্যাগসহ সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।”
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সফিকুল ইসলাম রোকন বলেন, “হামলা কিংবা কোনো হুমকির ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।”
লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”








