ব্যুরো চীফ, বরিশাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে উপজেলার সরিকল গ্রামের নিজ বাসভবনে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্র অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন একজন প্রার্থী হিসেবে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে ন্যায্য আচরণ দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার কাওসার হোসেন, প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, সদস্য কাজী আল-আমীন, মোল্লা ফারুক হাসান, লিটন খান প্রমুখ।








