ব্যুরো চীফ, বরিশাল:
গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের দুই শিশুসন্তানের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে নিহত তুহিনের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত শেষে এ ঘোষণা দেন।
সূত্র জানায়, নিহত তুহিনের পরিবারের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সাংবাদিক তুহিনের দুই সন্তানের শিক্ষা খরচ বহনের ঘোষণা দেন। পাশাপাশি তুহিন হত্যা মামলাটি সংগঠনের পক্ষ থেকে বিনা খরচে পরিচালনার আশ্বাস দেন তিনি।
দিনব্যাপী গাজীপুর চৌরাস্তা, শ্রীপুরের মাওনা, ভালুকার সিডস্টোর ও ত্রিশালে অনুষ্ঠিত পথসভায় বক্তব্যকালে আহমেদ আবু জাফর বলেন, “সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে আগামী ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।” একইসঙ্গে হত্যাকাণ্ডের ঘটনাস্থলকে “সাংবাদিক তুহিন চত্বর” হিসেবে ঘোষণা করার দাবি জানান তিনি।
উল্লেখ্য, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ নিহত তুহিনের বাড়িতে গিয়ে কবর জিয়ারত, দোয়া-মোনাজাত করেন এবং তার বাবা-মা ও স্ত্রীর খোঁজখবর নেন। এ সময়ই তুহিনের সন্তানদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেন আহমেদ আবু জাফর।
এ সময় গাজীপুরের গাছা, বাসন, জয়দেবপুর, কাশিমপুর, কোনাবাড়ী, টঙ্গী, শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ সদর, গৌরীপুর, ফুলপুর, নকলা ও ফুলবাড়িয়া থেকে কয়েকশ সাংবাদিক এবং স্থানীয় গ্রামবাসী অংশ নেন।
এর আগে বিএমএসএফ নেতৃবৃন্দ গাজীপুরের জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকাকে আনুষ্ঠানিকভাবে “শহীদ সাংবাদিক তুহিন চত্বর” ঘোষণা করেন এবং শ্রীপুর মাওনা, ভালুকা ও ত্রিশালের পথসভায় অংশ নেন।








