শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবমেরিন ক্যাবল ত্রুটিতে বিদ্যুৎহীন মেহেন্দিগঞ্জ

ব্যুরো চীফ, বরিশাল:

সাবমেরিন ক্যাবলে ত্রুটির কারণে বরিশালের নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলা গত চারদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এতে উপজেলার সর্বস্তরের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। মোবাইল চার্জ দেওয়াসহ জরুরি সেবা চালাতে মানুষ জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মফিজুল ইসলাম শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে জানান, মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীর তলদেশে থাকা সাবমেরিন ক্যাবল কেটে গেছে। ধারণা করা হচ্ছে, কোনো জাহাজ সেখানে নোঙর ফেলায় এ ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, সাবমেরিন ক্যাবলে ত্রুটির কারণে পাওয়ার হাউজ বিদ্যুৎহীন হয়ে পড়ায় মেহেন্দিগঞ্জের ১৬টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে গত ২৬ আগস্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ইতোমধ্যে ডুবুরি নামিয়ে ক্যাবলের ত্রুটিস্থল শনাক্ত করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে ভাসমান ক্রেন দিয়ে ত্রুটিপূর্ণ তার তোলার কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এরপর মেরামত কার্যক্রম শুরু হবে। মেরামত সফল হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে। তবে যদি মেরামত সম্ভব না হয়, তাহলে নতুন তার প্রতিস্থাপন করতে হবে। সে ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে আরও ৩-৪ দিন সময় লাগতে পারে।

স্থানীয় সূত্র জানায়, ২০০৪ সালে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মুলাদী হয়ে মেহেন্দিগঞ্জের দরিচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগ আনা হয়। বর্তমানে ক্যাবলে ত্রুটি দেখা দেওয়ায় সন্ধ্যা নামলেই হাট-বাজারসহ পুরো উপজেলায় ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হচ্ছে। শত শত মানুষ জেনারেটর ব্যবহার করে মোবাইল চার্জ ও জরুরি কাজ সারছেন।

এদিকে, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় ভর্তি রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই সংযোগ পুনঃস্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ