ব্যুরো চিফ, বরিশাল:
বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে স্বামী ও দুই ছেলে কারাগারে থাকা অবস্থায় নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় রেশমা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেশমা বেগম বোয়ালিয়া গ্রামের আব্দুল লতিফ বেপারীর স্ত্রী। প্রায় তিন মাস আগে শিক্ষক জাকির হোসেন হত্যা মামলায় আব্দুল লতিফ বেপারী ও তার দুই ছেলে সুমন ও সুজন বেপারী গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামী ও সন্তানরা কারাগারে থাকায় রেশমা বেগম চরম মানসিক অবসাদে ভুগছিলেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “রবিবার (৩১ আগস্ট) সকালে বোয়ালিয়া গ্রামের বেপারী বাড়ি থেকে রেশমা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘরের দরজা খোলা থাকায় বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে। বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
স্থানীয়রা জানান, শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে ছোট দুই সন্তান নিয়ে রেশমা বেগম নিজ ঘরে ঘুমিয়েছিলেন। রবিবার সকালে তিনি বাইরে না আসায় এক নারী প্রতিবেশী ডাকতে যান। তখন ঘরের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রেশমার মরদেহ দেখতে পান এবং চিৎকার করে প্রতিবেশীদের খবর দেন।
সফিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলী আহম্মেদ সোহাগ বলেন, “জাকির হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রেশমার স্বামী ও দুই ছেলে কারাগারে রয়েছেন। এই পরিস্থিতিতে মানসিক চাপ ও অসহায়ত্বে রেশমা বেগম আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।”









