ব্যুরো চীফ, বরিশাল
ধানের ক্ষেতে হাঁস গিয়ে পাকা আমন ধান বিনষ্ট করার প্রতিবাদ করায় হাঁসের মালিক কামাল সরদার ধানক্ষেতের মালিক ও তার স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুতর অবস্থায় আহত একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে ওইদিন সকালে গৌরনদী উপজেলার দক্ষিণ সাকোকাঠী গ্রামে।
ওই গ্রামের বাসিন্দা মৃত লতিফ সরদারের ছেলে গাছ ব্যবসায়ী নাসির সরদার (৫০)-এর স্ত্রী বেবী বেগম বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযোগ করে বলেন— প্রতিবেশী আনিসুর রহমানের ছেলে কামাল সরদারের কয়েকটি হাঁস তাদের জমিতে এসে পাকা আমন ধান বিনষ্ট করছিল। তিনি কামালের স্ত্রীকে কয়েক দিন হাঁস বেঁধে রাখার অনুরোধ করায় তারা ক্ষিপ্ত হয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনার জের ধরে কামাল সরদার তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ সময় তার স্বামী নাসির সরদার প্রতিবাদ করলে কামাল সরদার লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় স্বামী নাসির সরদারকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও (বেবী বেগম) পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রী দুজনকেই উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে মুমূর্ষ অবস্থায় নাসির সরদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত কামাল সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন— বেবী বেগমের লিখিত অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








