শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্যখাতের নানা অনিয়ম, চিকিৎসক সংকট, হয়রানি, ও কাঠামোগত দুর্বলতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। এতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

অবস্থান চলাকালে আয়োজিত সভায় ছাত্রনেতা মহিউদ্দিন রনি বলেন, “শের-ই বাংলা মেডিক্যালসহ দেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় সংখ্যক দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি দমন এবং জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠনেরও দাবি জানান তিনি।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির বাস্তব চিত্র তদন্তের মাধ্যমে মূল্যায়ন করে কার্যকর সুপারিশ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রনেতা সুলাইমা জান্নাত সিফা, হুসাইন আল সুহানসহ অনেকে।

আয়োজকরা জানিয়েছেন, একই দাবিতে আগামীকাল (৩০ জুলাই) দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে ফের কর্মসূচি পালিত হবে। এতে বরিশালের সকল স্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে ২৮ জুলাই বিকেলে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের সদর রোড প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে এসে শেষ হয়। সেখানেই মহিউদ্দিন রনি তিন দফা দাবি উপস্থাপন করেন—

১. বরিশালসহ দেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা।
২. স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতালগুলোর দুর্নীতি রোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা নিষিদ্ধ করা এবং স্বচ্ছ টাস্ক ফোর্স গঠন।
৩. স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মাধ্যমে জনভোগান্তি তদন্ত করে ফলাফলের ভিত্তিতে সুপারিশ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ।

অংশগ্রহণকারীরা জানান, এই দাবিগুলোর বাস্তবায়ন হলে দেশের স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ