মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা: তিন দফা দাবিতে উত্তাল বরিশাল


ব্যুরো চীফ, বরিশাল:

স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙাসহ তিন দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করছেন বরিশালের ছাত্র-জনতা। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স সহজে ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা।

রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের সামনে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ শুরু করেন। পুলিশ ও সেনাবাহিনী মহাসড়কের পাশে সরে গিয়ে আন্দোলন করার অনুরোধ জানালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কিছুক্ষণ পর আন্দোলনকারীরা ফের মহাসড়কে অবস্থান নেন।

এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে বরিশালের কিছু অংশ ছাড়াও পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটাগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও সেনাসদস্য মোতায়েন রয়েছে।

সূত্র জানায়, গত ১৫ দিন ধরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা, রোগী হয়রানি এবং স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার দাবিতে ছাত্র-জনতা আন্দোলন চালিয়ে আসছে। এর আগে শনিবার ছাত্র-জনতা ও বাসশ্রমিকরা মুখোমুখি অবস্থানে গেলে উভয় পক্ষ আলাদাভাবে মহাসড়ক অবরোধ করে রাখে—ছাত্র-জনতা আড়াই ঘণ্টা এবং বাসশ্রমিকরা দেড় ঘণ্টা। এছাড়া শুক্রবার সাত ঘণ্টা ও বৃহস্পতিবার আড়াই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীরা অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন। সারাদেশের সরকারি হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং সেবা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দুর্নীতি রোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধকরণ, ডিজিটাল অটোমেশন ও জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠনের দাবি জানান তারা।

তারা স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মাধ্যমে জনগণের ভোগান্তি সংক্রান্ত অভিযোগ তদন্ত করে সুপারিশ ও বাস্তবায়নের জোর দাবি জানান। আন্দোলনকারীরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি আদায়ে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালের রাজপথে আসার আহ্বান জানান। অন্যথায় আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন।

মহাসড়ক অবরোধে আটকে পড়া ঢাকা থেকে বরগুনাগামী যাত্রী আব্দুর রহমান বলেন, “প্রচণ্ড গরমে গাড়িতে বসে থাকতে খুবই কষ্ট হচ্ছে। আন্দোলন যৌক্তিক হলেও মহাসড়ক অবরোধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি করা উচিত নয়। এই কর্মসূচি শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে করলে ভালো হয়।”

আন্দোলনের অন্যতম নেতা মহিউদ্দিন রনি বলেন, “দুই সপ্তাহ ধরে নানা কর্মসূচি করেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো সাড়া পাইনি। তাই বাধ্য হয়ে আমরা মহাসড়কে নেমেছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার জানান, আন্দোলনকারীরা রবিবারও মহাসড়ক অবরোধ করে রেখেছে। আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেবাচিমের ৪৬ ট্রলিম্যান বহিষ্কার

ছাত্র-জনতার আন্দোলনের জের ধরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৬ জন স্বেচ্ছাসেবী ট্রলিম্যানকে বহিষ্কার করা হয়েছে। রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে তাদের এ ব্যবস্থা নেওয়া হয়। হাসপাতালের সরকারি স্টাফদের ট্রলিম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১০ আগস্ট) হাসপাতালের পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ