ব্যুরো চীফ, বরিশাল
প্রেমের সম্পর্কে পরিবারের অমতে বিয়ে। অবশেষে মাত্র ছয় মাসের মধ্যেই ভেঙে গেল সেই আবেগী সুখের সংসার। স্ত্রীর কাছ থেকে তালাকনামার কাগজ পেয়ে ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন সজীব সরদার নামের এক যুবক।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামোদরকাঠী গ্রামের মো. এসকেন্দার আলী সরদারের ছেলে সজীব সরদার চলতি বছরের ২৫ মে একই গ্রামের কাজল আক্তার নামের এক যুবতীকে প্রেমের সম্পর্কে পরিবারের অমতে বিয়ে করেন। বিয়ের দুই মাস পর জীবিকার তাগিদে সজীব দুবাইয়ে পাড়ি জমালেও স্ত্রী কাজলের অনুরোধে মাত্র তিন মাসের মধ্যে দেশে ফিরে আসেন।
সজীব সরদার জানিয়েছেন— দেশে ফেরার পর বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয় কাজল। এরপর তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হলে বিয়ের মাত্র ছয় মাসের মধ্যে স্ত্রী কাজল তাকে তালাক দেয়।
তালাকের পর মানসিকভাবে ভেঙে পড়েন সজীব। এজন্য আত্মহত্যার উদ্দেশ্যে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
পরে স্থানীয়দের উপস্থিতিতে সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কাজল তালাকের সিদ্ধান্তে অনড় থাকে। সবশেষে আনুষ্ঠানিক তালাক কার্যকর হওয়ার পর সজীব গত ১৯ নভেম্বর বাড়ির উঠানে কয়েকজন স্থানীয়কে সঙ্গে নিয়ে ২০ কেজি গাভীর তরল দুধ দিয়ে গোসল করেন।
সজীব সরদার বলেন, ‘আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। দুধ দিয়ে গোসল করেছি মন পরিষ্কার করার উদ্দেশ্যে। নতুন করে জীবন শুরু করতে চাই।’
এ বিষয়ে কাজল আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ থাকায় কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্থানীয় আলেমরা ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত হিসেবে অভিহিত করে বলেন, ইসলামে দুধ দিয়ে গোসলের কোনো নিয়ম নেই। এমন দুঃসময়ে পরিবার ও সমাজের উচিত সজীব সরদারকে মানসিক সহায়তা দেওয়া।








