ব্যুরো চীফ, বরিশাল:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ আনোয়ার হোসেন।
গত কয়েকদিন ধরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি দিনভর বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজার, পদ্ধবুনিয়া বাজার, বটতলা বাজার, উদয়কাঠি ইউনিয়নের উদয়কাঠি বাজার, লবনসাড়া, বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ মোড় ও বাইশারী বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ করেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে চৌমোহনা বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন,
“দেশের যাবতীয় অনিয়ম, দুর্নীতি, অবিচার ও বৈষম্য দূর করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর এজন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও বলেন, দলের মনোনয়ন যিনি পাবেন, ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে দেশ ও দলের বৃহত্তর স্বার্থে তার বিজয় নিশ্চিত করতে কাজ করবেন।
এসময় বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ আফতাব হোসেন, বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ আনোয়ার হোসেন অভিযোগ করে জানান, গত ২০ আগস্ট দিনভর প্রচারণা শেষে সন্ধ্যায় লবনসাড়া গ্রামের বাড়িতে ফেরার পথে স্থানীয় বড় ব্রিজের ঢালে পৌঁছালে ৪০-৫০ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে তার সমর্থকদের ওপর অর্তকিত হামলা চালায় এবং দ্রুত পালিয়ে যায়।
তিনি রাজনৈতিক স্বাধীন প্রচার-প্রচারণায় হামলা ও বাধা প্রদানের বিষয়টি তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে দলমত নির্বিশেষে জনগণকে তার পাশে দাঁড়াতে হবে।








