ব্যুরো চীফ, বরিশাল
বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৭০ বস্তা চোরাই ডালসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পার্শ্ববর্তী পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাউফলের কালাইয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ট্রলারে করে চোরাই ডাল পরিবহনের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রলার তল্লাশি করে ৭০ বস্তা খেসারি ও মুগ ডাল উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কলসকাঠী বাজারের ব্যবসায়ী দেবাশীষ কুন্ড দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ৩০ সেপ্টেম্বর বাজারে নিজের গোডাউনে তালা মেরে বাড়িতে চলে গেলে চোরচক্র সেখানে হানা দিয়ে ৭০ বস্তা ডাল চুরি করে নিয়ে যায়।
চুরির ঘটনায় দেবাশীষ কুন্ড বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেপ্তারসহ চোরাই ডাল উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামের বারেক প্যাদার ছেলে নিজাম প্যাদা (৩৫), একই গ্রামের মালেক প্যাদার ছেলে রাসেল (২৭) এবং ক্ষুদ্রকাঠি গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে পিন্টু হাওলাদার (৩০)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় চোরাই পণ্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উদ্ধার করা ডালের বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।








