বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে পাচারের সময় দুটি মাথাসহ তিন বস্তায় রাখা প্রায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে নৌ পুলিশ।
বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চরদুয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপ্তারখাল এলাকায় এসব হরিণের মাংস ও মাথা উদ্ধার করা হয়। তবে ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া দুটি হরিণের মাথা ও তিন বস্তায় প্রায় ৪০ কেজি মাংস জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাংস সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পরে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে জব্দ করা মাংস কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








