বরগুনা প্রতিনিধি
বরগুনার বেতাগীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে মো. জাহাঙ্গীর হাওলাদার (৪৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন।
জানা যায়, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চান্দখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
আটক ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর হাওলাদার (৪৪)। তিনি বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের পদ্মা গ্রামের বাসিন্দা মো. মোকসেদ আলী হাওলাদারের ছেলে।
বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দখালী বাজারে শংকর মালীর চায়ের দোকানের সামনে বরগুনা-বাখেরগঞ্জ পাকা সড়কে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে বেতাগী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।








