ভোলা প্রতিনিধি
ভোলা শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার উচ্ছেদ অভিযানের সময় বিক্ষোভ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশে এই ঘটনা ঘটে। এতে পৌরসভার তিনটি ময়লা ও মালামাল পরিবহনের গাড়ি পুড়ে যায় এবং অন্তত ১৫ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পৌরসভার কর্মীরা অবৈধ দোকান উচ্ছেদ করে মালামাল গাড়িতে তুলছিলেন। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া আনসার-ভিডিপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, “আমাদের ওপর আকস্মিকভাবে হামলা চালানো হয়। কেউ কেউ লাঠি নিয়ে আঘাত করেছে, গাড়িতে আগুন ধরিয়ে দেয়।” পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িগুলোর বডি ও ইঞ্জিনসহ বড় অংশ পুড়ে যায়।
ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে মামলা হবে এবং উচ্ছেদ অভিযান থামবে না।”
ঘটনার পর জেলা প্রশাসক মো. আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দিয়েছেন। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ জানান, উচ্ছেদ অভিযানের আগে পুলিশকে জানানো হয়নি। “তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।








