চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর-দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ২২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১টা ১০ মিনিটে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মিজানুর রহমানের নেতৃত্বে ডিবির টিম-০৪ এর এসআই (নিরস্ত্র) মো. ইকবাল হোসেন ও সঙ্গীয় ফোর্স বায়েজীদ বোস্তামি থানাধীন বালুছড়া নতুনপাড়া ব্রীজের দক্ষিণ পাশে ‘হানিফের দোকান’ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
অভিযানে মো. হানিফ (৩৬) এবং মো. হাশেম ওরফে হাসেম (৫৫) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় দুটি দেশীয় তৈরি এলজি (অগ্নেয়াস্ত্র)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো. হাশেমের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতার হওয়া দুই আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।








