চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
২৩ জুলাই ২০২৫ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে, পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই জসিম উদ্দিন, এএসআই আমজাদ হোসেন এবং সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রানী রাশমনি ঘাট সংলগ্ন লিংক রোড ওভারব্রিজের নিচ থেকে দুই ডাকাত সদস্যকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. শাহাদাত হোসেন, পিতা মো. শাকিল, মাতা সুমি আক্তার। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সরিহাট এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের পাহাড়তলীর বরিশাইল্যা কলোনিতে বসবাস করেন।
২. মো. ইব্রাহিম ওরফে শান্ত, পিতা মো. বাবুল, মাতা সেতু বেগম। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নদনা বাজার এলাকার উত্তর শাকতলা। বর্তমানে তিনি চট্টগ্রামের খুলশী থানার মাস্টার লেনে বসবাস করছেন।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি ধারালো ছোরা, একটি চাপাতি, একটি লোহার হাতুরি ও একটি নাকল-ডাস্টার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা (নং-২১, তারিখ: ২৩/০৭/২০২৫) দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








