সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বাবা-মায়ের সামনেই কিশোরকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে গণপিটুনিতে মো. রিহান উদ্দিন মাহিন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) ভোরে ইউনিয়নের সাকর আলী তালুকদার বাড়ির চেইঙ্গার ব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাহিন ওই এলাকার মুহাম্মদ লোকমানের ছেলে। ঘটনার সময় তার বাবা লোকমান, সমবয়সী দুই কিশোর মানিক ও রাহাতও গুরুতর আহত হন।

ফটিকছড়ি থানা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মো. নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাহিন, মানিক ও রাহাত সিএনজি অটোরিকশায় নিজ এলাকায় পৌঁছালে ওতপেতে থাকা একদল যুবক তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেয়। সেখানে চুরির অপবাদ দিয়ে তাদের ধরে নিয়ে ভোর পর্যন্ত চেইঙ্গার ব্রিজ এলাকায় বেধড়ক মারধর করা হয়।

ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে মাহিনের বাবা লোকমানকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। এসময় অতিরিক্ত মারধরের কারণে ঘটনাস্থলেই মারা যায় মাহিন।

নিহতের ফুফু সুখী বেগম জানান, ‘আমার ভাইপো পানি চেয়েছিল, তাও তারা দেয়নি। রশি দিয়ে বেঁধে বেধড়ক মারতে মারতে তাকে হত্যা করেছে।’

নির্মাণাধীন ভবনের মালিক মোবারক বলেন, ‘আমার ঘরে কোনো চুরির ঘটনা ঘটেনি। চেঁচামেচি শুনে ঘুম ভাঙলে দেখি কয়েকজন কিশোরকে ধরে নিয়ে যাচ্ছে।’

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, ‘চোর সন্দেহে গণপিটুনিতে ওই কিশোর মারা গেছে। তবে এ ধরনের ঘটনা সম্পূর্ণ আইনবহির্ভূত।’

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, ভোরে ওতপেতে থাকা কয়েকজন যুবক মাহিনসহ তিন কিশোরকে আঘাত করে। পরে তাদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজ এলাকায় নিয়ে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মাহিন। আহত তিনজন বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ