শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ছেলে, দ্বিতীয় স্ত্রীসহ বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামের মিরসরাইয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে মোহাম্মদ শাহেদ হত্যার প্রধান আসামি বাবা মো. নুরুজ্জামানকে (৬৫) দ্বিতীয় স্ত্রীসহ সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান। তিনি জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাব ও পুলিশ সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার এলাকায় অভিযান চালিয়ে নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে গত বুধবার চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহেদ নিজ বাড়িতে বাবার হাতে খুন হন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

অভিযোগ উঠেছে, দ্বিতীয় বিয়ে করে ১০ সেপ্টেম্বর নতুন স্ত্রীকে ঘরে আনেন নুরুজ্জামান। খবর পেয়ে বিকালে প্রথম স্ত্রী কামরুজ্জাহান শহরের ভাড়া বাসা থেকে গ্রামে আসেন। এ সময় নুরুজ্জামান তাকে মারধর করতে গেলে ছেলে শাহেদ মাকে বাঁচাতে এগিয়ে আসেন। তখন নুরুজ্জামান ছেলের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই শাহেদের মৃত্যু হয়।

ঘটনার পর মা কামরুজ্জাহান মিরসরাই থানায় নুরুজ্জামানকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এ ঘটনার চার দিন পর দ্বিতীয় স্ত্রীসহ নুরুজ্জামানকে গ্রেপ্তারের খবর জানাল পুলিশ।

এদিকে নিহত শাহেদের স্বজনরা জানান, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন তিনি। গ্রামের বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও পাশের কলেজ থেকে এইচএসসি পাস করার পর ভর্তি হন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে সংসারে সহযোগিতা করতেন। মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, পড়াশোনা শেষ করেই চাকরি নিয়ে সংসারের দায়িত্ব নেবেন।

কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। মা-বাবার একমাত্র ছেলে শাহেদ সবার আদরের ছিলেন। বাবা নুরুজ্জামানের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। শাহেদকে হারিয়ে এখন পাগলপ্রায় মা কামরুজ্জাহান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ