রুবেল ভূঁইয়া, পথে প্রান্তরে:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা বড়বাড়ির মেয়ে মুমতাহিনা করিম মীম যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’ অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করেছেন।
ছোটবেলা থেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে আসা মীম এবার সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। যুক্তরাষ্ট্রের ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য অফার পাওয়ার পাশাপাশি, তিনি পেয়েছেন ফুল-রাইড ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’—যেটি যুক্তরাষ্ট্রের হেনড্রিক্স কলেজ প্রদান করে।
বিশ্বজুড়ে প্রতিবছর মাত্র চারজন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ স্কলারশিপের জন্য মনোনীত হন। এবারে যুক্তরাষ্ট্রের বাইরের একমাত্র নির্বাচিত শিক্ষার্থী হলেন বাংলাদেশের মীম, যা দেশের তরুণ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্তমূলক অনুপ্রেরণা।
জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে মীমের প্রাপ্ত স্কলারশিপের সম্মিলিত মূল্য প্রায় ৩৬ কোটি টাকা। তবে তিনি হেনড্রিক্স কলেজের কম্পিউটার সায়েন্স ও ডুয়েল-ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে স্নাতক সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে যে, আগামী ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন মীম—তার বহু কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে।
মীমের এই সাফল্য প্রমাণ করে, প্রতিভা ও অধ্যবসায়ের সমন্বয়েই সম্ভব অসাধ্যকে সম্ভব করে তোলা।








