শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কাশিমপুর কারাগার থেকে পালানো আসামি র‍্যাব-৯-এর হাতে আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দাঙ্গার সময় পালানো হত্যা মামলার আসামি রিপনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব-৯ জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একদল বন্দি দলবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা শুরু করে। তারা ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে, ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এছাড়া বৈদ্যুতিক পিলার ভেঙে মই তৈরি করে তা ব্যবহার করে কারাগারের বাউন্ডারি টপকে পালিয়ে যায়। এ ঘটনায় কোনাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯-এর মৌলভীবাজার (সিপিসি-২) ও ব্রাহ্মণবাড়িয়া (সিপিসি-১) ক্যাম্পের যৌথ দল ১২ আগস্ট রাত পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার পলাতক আসামি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের আকবর আলীর ছেলে রিপন (২৯)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানিয়েছে, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বুধবার (১৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ