ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নবীনগর পৌরসদরের পদ্মপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজুর রহমান মুকুল উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটে রিকশা থেকে নামার সময় পেছন দিক থেকে কয়েকজন দুর্বৃত্ত তার দিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। গুলিতে তিনি পিঠ ও কোমরে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, মুকুলের শরীরের পেছনে তিনটি গুলি লেগেছে—পিঠের মাঝ বরাবর দুটি এবং কোমরের নিচে একটি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








