শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মৃত্যুও তিন বন্ধুকে আলাদা করতে পারলো না

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই মোটরসাইকেলে থাকা তিন সৌদিপ্রবাসী বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—লোকমান হোসেন (২৯), তুহিন হাসান (২৮) ও সুমন হোসেন (২৮)।

তিনজনই সৌদি আরবে একসঙ্গে কাজ করতেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন। ছুটি শেষে ১০-১৫ দিনের মধ্যেই পুনরায় সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু তার আগেই দুর্ঘটনায় প্রাণ হারালেন তারা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের মধ্যে লোকমান ও তুহিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এবং সুমনের বাড়ি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামে। জানা গেছে, লোকমান মাত্র ১৭ দিন আগে দেশে এসে বিয়ে করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে চান্দুরা এলাকায় বেড়াতে যাচ্ছিলেন এই তিন বন্ধু। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অপর মোটরসাইকেলে ছিলেন বিজয়নগরের আকরাম হোসেন ও রংপুরের মনিরুজ্জামান। সংঘর্ষের পর পেছন থেকে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা এসে দু’টি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় চারজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের পরিবার ও গ্রামবাসীরা জানান, তারা দীর্ঘদিন সৌদিতে একসঙ্গে ছিলেন। দেশে ফিরেও ছিলেন একসঙ্গে। সব সময় একসঙ্গেই চলাফেরা করতেন। আজ সবাই মিলে চিরবিদায় নিলেন। এ শোক কেউই মেনে নিতে পারছেন না।

এ দুর্ঘটনায় তিন প্রবাসীর পরিবারে চলছে শোকের মাতম। নতুন জীবনের স্বপ্ন নিয়ে ঘরে ফেরা লোকমানের সদ্য বিবাহিত স্ত্রীও বাকরুদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ