সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অবৈধভাবে বালু উত্তোলনে ১০ লাখ টাকা জরিমানা, প্রকৌশলীকে কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর ওপর নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

সাজাপ্রাপ্ত প্রকৌশলীর নাম অহিদুল ইসলাম। তিনি আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোংয়ের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, “গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্টে এলজিইডির নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানটি গোলাবাড়ি ব্রিজ নির্মাণের সময় নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এটি নদী ও সেতুর জন্য মারাত্মক ক্ষতিকর। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারায় এটি একটি অপরাধ। ধারা ১৫(১) অনুযায়ী দশ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড—উভয় দণ্ডে দণ্ডিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “গোমতী নদীর বাঁধ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ