,

কুমিল্লায় মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের শিকার হয়েছেন সায়মন (২৮) নামে এক যুবক।

শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে শংকুচাইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদে এশার নামাজ চলাকালে এ ঘটনা ঘটে। বিষয়টি রাত ১২টার দিকে নিশ্চিত করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক।

আহত সায়মন শংকুচাইল দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ও সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে। তিনি শংকুচাইল বাজারে মোবাইল ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সায়মনের কাছ থেকে একটি নতুন মোবাইল কিনেছিলেন সুমন (২৬)। বিকেলে পাওনা টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানান সুমন। পরে রাতে এশার নামাজের সময় মসজিদে প্রবেশ করে নামাজরত অবস্থায় সায়মনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।

সায়মনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাতক সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির আব্দুল ছাত্তারের ছেলে। স্থানীয়রা জানান, তিনি মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

ঘটনার প্রত্যক্ষদর্শী মসজিদের ইমাম হাফেজ কাজী মো. হানিফ লিকসন বলেন, “এশার নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার সময় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।”

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ