শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টেকনাফে পাহাড়ে জিম্মি করে রাখা নারী-শিশুসহ ৪৪ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক নারী ও শিশুসহ মানুষকে বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের সদস্যরা। অভিযানে পাহাড়ের চূড়ায় গোপন আস্তানা থেকে ৪৪ জনকে উদ্ধার করা হয়।”

পাচারকারীদের প্রলোভন ও নির্যাতন
উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ মানবপাচার চক্র বিদেশে উচ্চ বেতন, উন্নত জীবনযাপন এবং স্বল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। এ জন্য তাদের টেকনাফের গহীন পাহাড়ে গোপন স্থানে আটকে রাখা হয় এবং সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোটে করে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল।

তারা আরও জানান, পাচারকারীরা তাদের শারীরিকভাবে নির্যাতন করছিল এবং মুক্তিপণ আদায়েরও চেষ্টা করেছিল।

পাচারকারীরা পলাতক, নজরদারি জোরদার
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের ধরতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাবে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ