কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাঘঘোনা এলাকায় ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু আগে এ ঘটনা ঘটে।
আহত ছেনুয়ারা বেগম স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হঠাৎ গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আহতের স্বামী আক্তার হোসেন বলেন, “আমার স্ত্রী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পায়ে গুলি লাগে। এখন কক্সবাজার সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে।”
এ ঘটনায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত। বিজিবির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত রাখতে আমরা সতর্ক রয়েছি।”
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে মিয়ানমারের মংডু জেলার ঢেকুবনিয়া এলাকার দিক থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সেখানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ চলছে।
বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মিয়ানমারের ভেতরে গোলাগুলির ঘটনা সত্য। সীমান্তে গুলিবিদ্ধ নারী বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।








