কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় এক বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার নজর এড়াতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী বাড়ির মালিক জালাল উদ্দিন জানান, ১০–১২ জন মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে রাখে। বাড়ির ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা থাকার কারণে তারা মূল ফটক দিয়ে না এসে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় একজন ডাকাত তাকে থাপ্পড় দিয়ে বলেন, ‘পুরো বাড়িতে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস?’
একই ভবনে বসবাস করেন ব্যবসায়ী হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন ও জালাল উদ্দিন—তিনজনই আপন ভাই। ডাকাতরা ওই বাড়ির তিনটি আলমারি থেকে চার ভরি সোনা, প্রায় দুই লাখ টাকা ও দুটি মুঠোফোন লুট করে নেয়।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহবার সাকিব ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কিছু আলামত উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। তবে ভুক্তভোগী পরিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে এ ধরনের ঘটনা ঘটায় তারা চরম আতঙ্কে রয়েছেন। নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করলেও সেটি ডাকাতদের ঠেকাতে পারেনি।








