বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্রি নেট সংযোগ না দেওয়ায় যুবককে পেটানো পুলিশের এসআই ক্লোজড

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ার ঘটনায় যুবককে পিটিয়ে জখম করার অভিযোগে পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হাসানকে ক্লোজড করা হয়েছে। বুধবার সকালে তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানিয়েছেন, নাজমুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “ঘটনার পরই তাকে থানায় আনা হয়। বুধবার সকালেই খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ঘটনার বিস্তারিত অনুযায়ী, মঙ্গলবার বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে স্থানীয় ক্যাবল অপারেটর ইসমাইল হোসেনকে (২৭) মারধর করেন ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক নাজমুল হাসান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে অবস্থান নিলে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী ইসমাইল হোসেন বলেন, “তিনদিন আগে ফাঁড়ির ইনচার্জ আমার কাছে ফ্রিতে ইন্টারনেট সংযোগ চান। না দিলে লাইন বন্ধ করার হুমকি দেন। আমি উর্ধ্বতনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবো বলে ফাঁড়ি থেকে চলে আসি। পরে বিকেলে ফাঁড়ির সামনে আমাকে দেখে পুলিশের এক সদস্য আমাকে ভেতরে নিয়ে যায়। তখন তারা আমার ব্যবহৃত বাইক চুরির অভিযোগ তুলেন। এরপর উপ-পরিদর্শক নাজমুল হাসান আমাকে দোতলা থেকে নেমে এসে বেধড়ক পেটাতে থাকেন। আমার দুই হাত প্রচণ্ডভাবে জখম হয়।”

অভিযুক্ত নাজমুল হাসান গণমাধ্যমের কাছে পিটানোর বিষয়টি অস্বীকার করেছেন। তবে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানিয়েছেন, “নাজমুল এই ঘটনায় দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তাকে রাতেই থানায় আনা হয়েছিল, এবং বুধবার সকালে ক্লোজড করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ