রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্ধু না আসা পর্যন্ত কবুল বললেন না বর

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক 

নোয়াখালীর হাতিয়ায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা—বন্ধুর অনুপস্থিতিতে কবুল বলতে অস্বীকৃতি জানালেন বর। বন্ধুর আগমন না হওয়া পর্যন্ত দুই ঘণ্টা বন্ধ ছিল পুরো বিয়ের আয়োজন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে। বর ছিলেন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের করিম বেপারীর ছেলে আরমান হোসেন। কনে তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের দিন সকালে বরযাত্রী রওনা হওয়ার সময় আরমানের ঘনিষ্ঠ বন্ধু রিয়াজের সঙ্গে গাড়িতে বসা নিয়ে সামান্য মনোমালিন্য হয়। এতে ক্ষুব্ধ হয়ে বিয়েতে না যাওয়ার সিদ্ধান্ত নেন রিয়াজ।

বরযাত্রী কনের বাড়িতে পৌঁছানোর পর আরমান বন্ধুকে না দেখে গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, এমনকি কাজী সাহেবেরও বারবার অনুরোধে তিনি অনড় থাকেন। স্পষ্ট জানিয়ে দেন—‘রিয়াজ না আসলে কবুল বলব না।’

এরপর প্রায় দুই ঘণ্টা পর বরপক্ষের লোকজন গিয়ে রিয়াজকে নিয়ে আসেন। বন্ধুকে পাশে পেয়ে হাসিমুখে কবুল বলেন আরমান, সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান রানা বলেন, “এমন বন্ধুত্ব আজকাল দেখা যায় না। বর তার বন্ধুর জন্য পুরো বিয়েই থামিয়ে দিল। সত্যিই হৃদয়ছোঁয়া ঘটনা।”

কনেপক্ষের আত্মীয় আলতাফ হোসেন জানান, “আমরা দুপুর ১২টা থেকেই অতিথিদের খাওয়ানো শুরু করি। বর আসে দেড়টার দিকে। কিন্তু বন্ধুর জন্য দুই ঘণ্টা অনুষ্ঠান বন্ধ ছিল। পরে বন্ধুকে আনা হলে বিয়ে সম্পন্ন হয়।”

কনের মামা সেলিম হোসেন বলেন, “আমরা ভাবছিলাম কোনো সমস্যা হয়েছে, কিন্তু শুনলাম বর বন্ধুর জন্য বসে আছে। এমন ঘটনা আগে কখনো দেখিনি।”

স্থানীয় প্রবীণ আবদুল গফুর মিয়া বলেন, “আজকাল বন্ধুরা এতটা গুরুত্ব দেয় না। কিন্তু এই ছেলেটা প্রমাণ করল—বন্ধুত্ব এখনো মনের সম্পর্ক।”

এ বিষয়ে বর আরমান হোসেন বলেন, “রিয়াজ আমার ছোটবেলার বন্ধু। গাড়িতে বসা নিয়ে মন খারাপ করেছিল। আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনে ও না থাকলে মন খারাপ হতো। তাই ও আসার পরই কবুল বলেছি।”

এই ব্যতিক্রমী ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্য করেছেন—‘এমন বন্ধুত্ব আজকাল সত্যিই বিরল।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ