স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
বন্যহাতির চলাচলের করিডোরে সাধারণ মানুষের চলাচল না করার জন্য বন বিভাগ রেড অ্যালার্ট জারি করেছে। পার্বত্যচট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ হাতির আক্রমণ থেকে সাবধানতা অবলম্বনের জন্য এই প্রথম সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে। কাপ্তাই–আসামবস্তি সড়কে এই সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
কাপ্তাই রেঞ্জ শনিবার (২২ নভেম্বর) এক সতর্কতামূলক সভার মাধ্যমে একটি সাইনবোর্ড স্থাপন করেছে। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, গত এক সপ্তাহ আগে কাপ্তাই থেকে আসামবস্তি সড়কে পৃথক দুটি ঘটনায় বন্যহাতির আক্রমণে ২ জন উপজাতি বৃদ্ধা নারী মৃত্যুবরণসহ ৪ জন আহত হন।
তাই দক্ষিণ বন বিভাগ রাঙামাটি বিভাগীয় কর্মকর্তা এস. এম. সাজ্জাদ হোসেনের নিজ উদ্যোগে হাতির করিডোর রেড জোন এলাকায় পর্যটকসহ সকলের চলাচলে সতর্কতা অবলম্বনের জন্য বড় বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, হাতির করিডোরের গুরুত্বপূর্ণ এলাকায় রেডিয়ান্ট ক্লিয়ার এই বোর্ডটি রাতে কিংবা দিনে সকলের জন্য সতর্কবার্তা দেবে—যদি চালকেরা সঠিকভাবে নজর দেন। এছাড়া হাতির আক্রমণ থেকে সতর্ক থাকতে সামনে আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
দক্ষিণ বন বিভাগ হাতির রেড জোন এলাকায় সাইনবোর্ড স্থাপন করেছে। এসময় বন বিভাগের কাপ্তাই রেঞ্জের কর্মকর্তারা ও এলাকার সচেতন লোকজন উপস্থিত ছিলেন।








