স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চলঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার আলো ছড়াতে কাজ করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড (ইসিবি)।
রবিবার (৩১ আগস্ট) বাঘাইছড়ির মাঝিপাড়া সীমান্ত এলাকায় সেনাবাহিনী প্রতিষ্ঠিত মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম শামস। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দ্বিগুণ করার ঘোষণা দেন। পাশাপাশি বিদ্যালয়ে সৌরবিদ্যুতের প্যানেল ও ফ্যান স্থাপন, শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তিনি বিদ্যালয়টি জাতীয়করণের লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বিদ্যালয় পরিদর্শনের সময় সেনাবাহিনীর ২০ ইসিবির অধিনায়কসহ বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম সীমান্ত এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বলেন, “পাহাড়ে সড়ক যোগাযোগ উন্নয়নের পাশাপাশি শিক্ষার প্রসারের জন্যও সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”









