শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কঠিন চীবর দান উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উৎসব। এ উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন।

উৎসব চলাকালীন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথভাবে দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সমন্বয় সভায় রিজিয়ন কমান্ডার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, “উৎসবকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”

সভায় রাজবন বিহার ও পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিনিধি দলসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বিহারকেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

রিজিয়ন কমান্ডার উপস্থিত সবার মতামত মনোযোগসহকারে শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় সিদ্ধান্ত হয়—বিহারের প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন, স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখা, সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি এবং প্রবেশপথে দিকনির্দেশনামূলক ব্যানার ও প্যানাফ্লেক্স টানানো হবে।

রিজিয়ন কমান্ডার বলেন, “রাঙামাটিতে বর্তমানে সকল জনগোষ্ঠীর মধ্যে প্রশংসনীয় পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিদ্যমান। এই সুন্দর ঐক্য ও বোঝাপড়ার জন্য রাঙামাটির সকল নাগরিক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।”

এদিকে, উৎসবকে ঘিরে রাঙামাটিতে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ