স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙামাটির জুরাছড়ি সেনা জোন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জোনের উদ্যোগে প্রথম পর্যায়ে গৃহহীন ও অসহায় দরিদ্র ২০টি পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে সোমবার।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে নিবেদিত। পাহাড়ি জনপদের শান্তি, সমৃদ্ধি ও মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে জুরাছড়ি সেনা জোন এই উদ্যোগ গ্রহণ করে। সোমবার আয়োজিত অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান আনুষ্ঠানিকভাবে সর্বশেষ দুটি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে ১২ জন দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে। পাশাপাশি স্থানীয় নারীদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয় এবং একাধিক পরিবারকে হাঁসের ঘরসহ হাঁস বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের উপঅধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, হেডম্যান ও কার্বারী প্রমুখ।








