সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তিন পার্বত্য জেলার বাজারফান্ড জমির বন্ধকী ও রেজিস্ট্রি পুনঃচালুর দাবি

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:

তিন পার্বত্য জেলার বাজারফান্ড এলাকার জমির বন্ধকী ও রেজিস্ট্রি কার্যক্রম পূর্বের নিয়মে পুনঃচালু করার দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় শহরের বনরূপা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি আবু বকর, সহ-সভাপতি কাজি মোঃ জালোয়া, সাধারণ সম্পাদক ডা. মুহাম্মাদ ইব্রাহিম, সহ সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ছাত্র নেতা আলমগীর ও অন্যান্যরা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজারফান্ডভুক্ত জমি জেলা প্রশাসক কার্যালয়ের উদ্যোগে বন্ধকী কার্যক্রম বন্ধ রাখার ফলে জমির মালিকদের অধিকার হরণ হচ্ছে। এসব জমি বাজারফান্ড থেকে সরকারি নিয়ম মেনে খাজনা ও সালামি দিয়ে রেজিস্ট্রি নেওয়া হলেও, হঠাৎ করে জেলা প্রশাসক গত চার বছর ধরে জমি বন্ধকী কার্যক্রম বন্ধ রেখেছেন। এর ফলে বাজারফান্ডভুক্ত জমির মালিকরা ব্যাংক লোন সুবিধা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

বক্তারা আরও জানান, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার সম্প্রতি জমি রেজিস্ট্রেশনে জটিলতা সৃষ্টি করেছেন, যা নিন্দনীয়। নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালীদের উচ্ছেদের সুদূরপ্রসারী উদ্দেশ্য নিয়ে একটি মহল বারবার জমির অধিকার হরণ করার চেষ্টা করছে। পার্বত্য বাঙালীরা ভূমিসহ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারকে আহ্বান জানান, বৈষম্য নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক এবং অবিলম্বে বাজারফান্ডভুক্ত জমির বন্ধকী ও রেজিস্ট্রি কার্যক্রম পূর্বের নিয়মে পুনঃচালু করা হোক। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ