স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, “পার্বত্য এলাকায় আমরা সবাই মিলে মিশে সম্প্রীতির বন্ধনে থাকতে চাই। এ বার্তা আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই—সম্প্রীতির ভিত্তিতেই আমাদের সহাবস্থান গড়ে উঠুক। তাহলেই পাহাড়ে সবাই একসঙ্গে শান্তিতে বসবাস করতে পারবো।”
শুক্রবার (১০ অক্টোবর) রাতে রাঙামাটি শহরের রাঙ্গাপানি মিলন বিহারে ৫১তম কঠিন চীবর দানোৎসবের চীবর বুনন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পাহাড়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “পাহাড়ের পরিস্থিতি সম্পর্কে আপনারা এখানকার মানুষ, আপনারাই ভালো জানেন। এ বছর জাতীয়ভাবে কঠিন চীবর দানোৎসবের আয়োজন করা হয়েছে, যা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। আমরা মনে করি, এই উৎসব সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক।”
তিনি আরও বলেন, “কাউকে ধর্মীয়, সামাজিক বা অন্য কোনোভাবে হেয় করা ঠিক নয়। সবার অংশগ্রহণ ও সম্প্রীতি বজায় থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্প্রীতির বাইরে আমাদের যাওয়ার কিছু নেই।”
এর আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা চীবর বুনন উদ্বোধন করেন এবং পঞ্চশীল প্রার্থনায় অংশ নেন। পরে তিনি চীবর বুনন বেইন ঘর পরিদর্শন করেন ও চুলামনি মন্দিরে পূজার উদ্দেশ্যে ফানুস উড়ান। অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








